সামসুল, সুমন ও তার স্যারের বাড়ি ফেরা : সায়েন্স ফিকশন গল্প
ধ্রুব নীল
বসের তুমুল ঝাড়ি খাওয়ার পর ন্যাশনাল প্রাইভেট লি. কোম্পানির জুনিয়র অফিসার আজিজুল বাশার সুমনের ইচ্ছে হলো চাকরিটা আজকেই ছেড়ে দেয়। চাকরি ছাড়তে গেলে সবাই রিজাইন লেটার দেয়। সুমনের ইচ্ছে হল চিঠি ফিঠি না দিয়েই চলে যেতে।
- স্যার ছুটি লাগবে। বাড়ি যাই না অনেকদিন।
- ছুটি গাছে ধরে? অবশ্যই গাছে ধরে। গাছটা আছে আফ্রিকার আমাজন জঙ্গলে। আগে তুমি আফ্রিকা যাও। তারপর ছুটির গাছ ধরে ঝাঁকি দাও। টপটপ ছুটি পড়বে।
- স্যার আমাজন তো আফ্রিকায় না..।
- নো ছুটি ফুটি! এক ঘণ্টার মধ্যে মতিঝিল শাখায় যাও। ওয়াজেদ সাহেবের কাছ থেকে ওয়ার্ক অর্ডারটা নিয়ে আসো। না পারলে আর অফিসে ঢোকার দরকার নেই। আউট।
আজিজুল বাশারের ডাক নাম সুমন। খুব সাধারণ নাম। মানুষটাও সাধাসিধা। চাকরিতে ঢুকেছে বেশিদিন হয়নি। বয়স ত্রিশ ছুঁই ছুঁই। বিয়ে করেনি। মেসে থাকে। বেতন যা পায় তা দিয়ে কোনোমতে নিজে চলে আর গ্রামে মা-বাবাক...









