Friday, February 20
Shadow

আবিরের রোজা কাণ্ড

সাঈদুর রহমান লিটন 

রমজান মাস এলেই পাড়ায় যেন এক অন্যরকম আনন্দের হাওয়া বয়ে যায়। আর সেই আনন্দের ঢেউয়ে ভেসেই এবারের প্রথম রোজা শুরু করল আবির। প্রথম রোজা, উৎসাহে টগবগ। কিন্তু বলে রাখা ভালো  আবির কিন্তু  একটু পেটপাগলা ধাঁচের!

সাহ্‌রির পর আবির ঠিক করল, আজ থেকে সে একদম পাক্কা রোজাদার। কিন্তু সকাল বেলা হাত-মুখ ধুয়ে এক গ্লাস পানি খাওয়ার বহুদিনের অভ্যাস যে এত সহজে ভোলা যায় না। ঘুমজড়ানো চোখে গ্লাস ভরে অর্ধেক পানি খেয়ে ফেলেছে, এমন সময় হঠাৎ মনে পড়ল, আরে! আমি তো রোজা! সাথে সাথে বাকি পানি নামিয়ে রেখে মুখের পানি ফেলে দিল। তারপর হাত তুলে মনে মনে বলল, আল্লাহ, ভুল করে হয়ে গেছে। তুমি আমার রোজা কবুল করে নিও। আবির জানে, মনের ভুলে  কিছু খেলে রোজা হয়। রোজা ভাঙ্গে না। তাই আল্লাহর কাছে ভুল স্বীকার করে নিল।সেদিন স্কুল খোলা ছিল। আগের রাতে তারাবিহর পর শোনা গেল প্রথম রোজা থেকেই নাকি ছুটি, কিন্তু সবাই ঠিকঠাক বুঝতে পারেনি। তাই আবির ব্যাগ কাঁধে স্কুলে হাজির। দুপুর একটা পর্যন্ত ক্লাস চলল। স্কুলের পাশেই যে হোটেল, সেখানে গরম গরম পুরি ভাজার গন্ধে মাথা ঘুরে যায়! অভ্যাসবশত আবির এক প্লেট পুরি নিয়ে বসে পড়ল। একটা পুরি মুখে দিয়ে চিবোতে চিবোতে আবার মনে পড়ল, রোজা! তাড়াতাড়ি মুখ থেকে ফেলে কুলি করে নিল। পাশে বসা বন্ধু রাফি অবাক হয়ে বলল, তুই কি ডায়েট করছিস নাকি? আবির লজ্জায় মাথা নিচু করে শুধু বলল, না রে… আত্মসংযম!

বিকেলে বাসায় ঢুকেই টেবিলের ওপর টসটসে একটা পেয়ারা। কে যেন ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছে। আবিরের চোখ চকচক করে উঠল। হাতে নিয়েই দু-তিন কামড়! তারপর আবার সেই একই ঘটনা—ওরে বাবা, রোজা! এবার আর কথা বাড়াল না, সরাসরি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে এল। মনে মনে বলল, আল্লাহ, এইবারটা সত্যি শেষ!

কিন্তু বিপদ এখানেই শেষ নয়। বিকেলে পড়তে বসে ছোট বোন আইসক্রিম খাচ্ছিল। বোন এসে বলল, ভাইয়া, একটু চেখে দেখো তো, ঠিকমতো জমেছে? না ভেবেই আবির এক চামচ মুখে দিয়ে ফেলল। তারপর দু’জনেই একসাথে চিৎকাররোজা! এবার বোনই হেসে গড়িয়ে পড়ল।

সন্ধ্যার একটু আগে আবির বেশ গম্ভীর হয়ে বসল। আজ আর কোনো ভুল নয়। আজান হলেই ইফতার। মসজিদ থেকে দোয়া ভেসে আসছে। ইমাম সাহেব দোয়া শেখাচ্ছেন। হঠাৎ দোয়া একটু থেমে আবার আল্লাহুম্মা…শুরু হতেই আবির ভাবল আজান শেষ! সঙ্গে সঙ্গে খেজুর মুখে পুরে দিল। চারপাশে সবাই হেসে উঠল। ইমাম সাহেব বললেন, বাবা, এখনও দুই মিনিট বাকি! আবির তখন এমন মুখ করে বসে আছে, যেন পৃথিবীর সব লজ্জা একসাথে তার ওপর পড়েছে।

রাতে মা মুচকি হেসে বললেন, আজ কয়বার রোজা রাখলি? আবির মাথা চুলকে বলল, মা, আমি মনে হয় ‘পার্ট-টাইম’ রোজাদার!

তবে দিন শেষে সে বুঝল,রোজা শুধু না খেয়ে থাকা নয়, মনটাকেও সচেতন রাখা। আর পরের দিন থেকে সে ঠিক করল, কিছু মুখে দেওয়ার আগে একবার মনে মনে বলবে, আমি রোজা রোজা?

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা 

উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *